প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩৫ বছর পর রাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজে জমজমাট প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর পরিবেশে সরব। সকাল থেকে রাত পর্যন্ত একাডেমিক ভবন, আবাসিক হল ও আড্ডাস্থলে চলছে প্রার্থীদের সরব প্রচারণা।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটের আগের দিন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের মতো জমজমাট প্রচার দেখা যায় ক্যাম্পাসজুড়ে।

প্রার্থীরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও প্রকাশ করে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন। ভিপি, জিএস ও অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দলীয়ভাবে এবং স্বতন্ত্রভাবে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন।

সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, “প্রথম দিকে ছুটি ঘিরে অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও এখন শিক্ষার্থীদের উৎসাহ দেখে আমরা আশাবাদী। এবারের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়বে বলে আশা করছি।” তিনি আরও যোগ করেন, “আমাদের প্রধান ম্যান্ডেট হবে আবাসন সংকট সমাধান এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা চালু করা।”

অন্যদিকে, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল জানান, “প্রচারণা শুরুর পর থেকেই শিক্ষার্থীরা আমাদের লিফলেট সাদরে গ্রহণ করছেন। এটি শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন।” তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, পূজার ছুটি ও কর্মচারীদের কর্মবিরতির কারণে অংশগ্রহণ কিছুটা কম হতে পারে।

প্রথম বর্ষের শিক্ষার্থীরা যুক্ত হওয়ায় নির্বাচনী উচ্ছ্বাস আরও বেড়ে গেছে বলে জানাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে রাকসু নির্বাচন হয়ে উঠেছে বহু প্রতীক্ষিত গণতান্ত্রিক উৎসব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা