প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র কাঠামো দেওয়ার সরকারি প্রক্রিয়ার বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গিয়ে আন্দোলনরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একাংশের শিক্ষকদের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় তারা আন্দোলনরত কর্মকর্তাদের ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা’ লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভকারীরা স্লোগান দেন—
‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’,
‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’,
‘চলবে না চলবে না, শিক্ষা নিয়ে টালবাহনা’,
‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’।
শিক্ষার্থীরা বলেন, সরকারি শিক্ষা কর্মকর্তাদের উচিত হবে সরকার ঘোষিত শিক্ষা কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল থাকা। সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে টালবাহনা বন্ধ করতে হবে।