প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে যাচ্ছেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

 

প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ হয়। তবে শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। এদিন নাহিদ ইসলামের জবানবন্দি শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করবেন।

 

এর আগে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক আমার দেশ–এর সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম চলে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদ ইসলামের জবানবন্দির পরই এই মামলায় সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।

 

গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে স্বীকার করেন যে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই–আগস্টে গণহত্যা চালানো হয়েছে। ১ সেপ্টেম্বরের সাক্ষ্যগ্রহণে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীসহ মোট ছয়জন তাদের বয়ানে দেশজুড়ে হত্যাযজ্ঞের বর্ণনা দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। পাঁচটি অভিযোগে ৮১ জন সাক্ষী রয়েছেন। অভিযোগের মোট আকার ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে ২ হাজার ১৮ পৃষ্ঠা তথ্যসূত্র, ৪ হাজার ৫ পৃষ্ঠা দালিলিক প্রমাণ ও ২ হাজার ৭২৪ পৃষ্ঠা শহীদদের তালিকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা