প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপিও শিক্ষকদের বাড়ি’ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি করতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রস্তাব দিয়েছেন। এ লক্ষ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দের জন্য তিনি সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের কাছে চিঠি পাঠান।

 

চিঠিতে জানানো হয়, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। তাদের মাসিক বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা করলে অতিরিক্ত লাগবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করলে দরকার হবে আরও ২২৮ কোটি ৪৫ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করলে বাড়বে ৮৪ কোটি টাকা। সব মিলিয়ে অতিরিক্ত ব্যয় হবে ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা।

 

অধ্যাপক আবরার চিঠিতে উল্লেখ করেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জীবনমান উন্নয়নের স্বার্থে এ ভাতা বৃদ্ধি জরুরি। এতে তাদের পেশাদারিত্ব বাড়বে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, অতীতে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে, যা দূর করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন।

 

অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগের একটি সূত্র জানায়, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনে সংশোধিত বাজেটে অতিরিক্ত সংস্থান রাখা হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা