প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক শীর্ষ আমলা ও প্রাক্তন প্রসার ভারতী বোর্ডের সিইও জহর সরকার। তিনি বিবিসি বাংলাকে বলেন, হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ায় দিল্লিতে কিছুটা ধাক্কার মতো লেগেছিল। তবে শেষ পর্যন্ত ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণ যাকে নেতৃত্বে বেছে নেবে, তাকে মেনে নেওয়া।

 

তিনি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান বাস্তবতা আমাদের বুঝতে হবে, শুধু বোঝাই নয়— মানতেও হবে। এখন কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত নির্বাচন ফলাফলের জন্য অপেক্ষা করা।”

 

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন হয়। যদিও কবে এটি অনুষ্ঠিত হয়েছে তা স্পষ্টভাবে জানানো হয়নি, তবে সেখানে ভারতের দিক থেকে করণীয় এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা মতবিনিময় করেন।

 

বাংলাদেশের নতুন সরকার ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন নাও হতে পারে— এ ধরনের প্রশ্নের উত্তরে জহর সরকার বলেন, “কে আসবে, কে যাবে, তা কেউ জানে না। আর এসব নিয়ে এখনই তীব্র প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। মনে রাখতে হবে, বাংলাদেশে এখন কেয়ারটেকার সরকার আছে, তাদের নিয়ে অত বেশি মন্তব্য করাও ঠিক নয়।”

 

আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, “বাংলাদেশে যদি ভুল একটি সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারতের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্বার্থের ওপর এর প্রভাব পড়তে পারে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতিকে আমরা পুরোপুরি ‘তাদের বিষয়’ বলে এড়িয়ে যেতে পারি না। যাদের সঙ্গে আমাদের অভিন্ন সীমান্ত আছে, সেখানে ভারতের নিরাপত্তা স্বার্থ রক্ষিত হচ্ছে কি না, সেটা দেখা আমাদের দায়িত্ব।”

 

তিনি আরও যোগ করেন, “আমরা সব প্রতিবেশীর সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চাই। সেটাই ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির মূল কথা। তবে বর্তমান পরিস্থিতি কঠিন, তাই ভারতের নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা