কুমিল্লার আলোচিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এই নির্দেশ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মোট ৩৫ জনের সংশ্লিষ্টতা উল্লেখ করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া আসামিদের মধ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ ও ইশতিয়াক সরকারও রয়েছেন।
ওসি মহিনুল ইসলাম বলেন, “সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালত গ্রহণ করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড়ে বিজয় সমাবেশ থেকে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতা ও কুমিল্লা বারের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এমপি বাহারসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার সহকর্মী জসীম উদ্দিন।