প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাত কলেজের সংকট সমাধানে ‘হাইব্রিড বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সাত কলেজের চলমান শিক্ষা ও প্রশাসনিক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে একটি নতুন ‘হাইব্রিড’ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দিয়েছেন শিক্ষকদের একাংশ। তাদের প্রস্তাবে বলা হয়েছে, সাত কলেজের জন্য আলাদা উপাচার্য, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব ও অর্থ শাখাসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো তৈরি করলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়ন সহজ হবে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদানের দায়িত্ব বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারের শিক্ষকরা পালন করতে পারবেন, আর এমফিল, পিএইচডি বা বিশেষায়িত মাস্টার্স কোর্সে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক নিয়োগ করা হবে।

 

শিক্ষকদের প্রস্তাবে আরও বলা হয়, ঢাকার উপকণ্ঠে—যেমন আগারগাঁও, পূর্বাচল বা কেরানিগঞ্জে—একটি প্রশাসনিক ভবন করে সাত কলেজের কার্যক্রম পরিচালনা সম্ভব। এতে আলাদা ক্যাম্পাসের প্রয়োজন হবে না, কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় বা হাইব্রিড মডেলের মাধ্যমে কার্যক্রম সমন্বয় করা যাবে।

 

বর্তমানে দেশের ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০টি ঢাকাকেন্দ্রিক এবং ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় ৭০-৮০টি ঢাকায় অবস্থিত। তাই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা যাচাই করে বিদ্যমান কাঠামোর অধীনে সাত কলেজ পরিচালনা করলে সরকার বড় ধরনের আর্থিক ব্যয় ও শিক্ষা সংকোচন থেকে রক্ষা পাবে বলেও উল্লেখ করেন শিক্ষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা