জামালপুর শহরেরি সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. রাহিম (১৭)। তিনি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং জামালপুর পৌরসভার রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন রাহিম। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়েই তিনি পানিতে ডুবে মারা গেছেন।’
রাহিমের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।