প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই–আগস্টের সহিংসতায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটার পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হবেন।

 

মঙ্গলবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ দিয়ে। এরপর শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করবেন। এ প্রক্রিয়া শেষ হলে নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে।

 

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ শুনানি হয়, কিন্তু সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় মোট ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন, যেখানে তিনি শেখ হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যার অভিযোগ তুলে ক্ষমা চান এবং ট্রাইব্যুনালে অজানা তথ্য উপস্থাপন করেন।

 

প্রসিকিউশন জানায়, গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যেখানে মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্রটি প্রায় আট হাজার ৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে জব্দতালিকা, প্রমাণ ও শহীদদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা