প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সাদিক কায়েম। ২৮টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

 

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর পোশাকের ধরন, ব্যক্তিগত পরিচয় বা প্রতীকের ওপর হেয়প্রতিপন্ন করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী হিসেবে দেখা যাবে না। “হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে,” যোগ করেন তিনি।

 

নারী শিক্ষার্থীদের ভোট বেশি পাওয়ার কারণ হিসেবে সাদিক কায়েম বলেন, “আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন যে প্রপাগান্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে। জুলাই আন্দোলনের পর আমরা প্রমাণ করেছি আমাদের প্রতিশ্রুতি শুধু কথার নয়। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না—এটাই আমাদের স্লোগান।”

 

তিনি জানান, ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিগগিরই এসব বাস্তবায়ন শুরু হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় মাল্টিকালচারাল একটি প্রতিষ্ঠান উল্লেখ করে সাদিক কায়েম বলেন, স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই। “যার যে অধিকার, যে রুচি বা পছন্দ—সে তাই করবে, আর তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না,” মন্তব্য করেন তিনি।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা