প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবি ভিসির সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় ছাত্রদল নেতা: জানালেন নিজের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন পরবর্তী আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র সাহস। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, ভিসির প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট রয়েছে।

গণেশ চন্দ্র বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড গঠনের কারিগর, তাই তাদের প্রতি সবসময় তার শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, ‘আমি সচেতন মনে কোনো শিক্ষককে অসম্মান করিনি। তবে যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে কখনো কখনো উত্তপ্ত ভাষায় কথা বলতে হয়।’

তিনি জানান, ৯ সেপ্টেম্বরের ঘটনাটি ছিল একটি অস্বাভাবিক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা এ ঘটনার পেছনে অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ডাকসুকে প্রকৃত অর্থে ফলপ্রসূ করার জন্য বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। নির্বাচনের দিনও অনিয়মের অভিযোগ দিয়েছি। কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা ভিসির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম।’

ছাত্রদল নেতা আরও বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, অনিয়ম দেখেছি, প্রশাসনকে জানিয়েছি। ভিসি মহোদয়ও তার জায়গা থেকে কথা বলেছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে এই ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও রয়েছে।’

তিনি ভবিষ্যতে একটি আধুনিক, গবেষণামূলক এবং সমন্বিত ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীরা ও প্রশাসন একসঙ্গে কাজ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আধুনিক গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা