প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্টক এক্সচেঞ্জে সূচকের সামান্য উত্থান: লেনদেনে পতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশের দুই পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান হলেও সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে। দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ দিকে তা স্থায়ী হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচকও ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৪০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ১৯৯টির কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৩৩ লাখ টাকার, যা ১৭ আগস্টের পর সর্বনিম্ন। রোববারের তুলনায় আজ লেনদেন কমেছে ২৬ কোটি ২৩ লাখ টাকা।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির মোট লেনদেন দাঁড়িয়েছে ২৪ কোটি ৪ লাখ টাকায়। রোববার লেনদেন তালিকার শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সব সূচকই সামান্য বেড়েছে। সিএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করছে। তবে এখানে লেনদেনের পরিমাণে ভাটা পড়েছে।

সিএসইতে মোট ২১৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৩৩টির অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৬১ লাখ টাকার, যা আগের দিনের ১২ কোটি ৪ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা