খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নগরীর রূপসা ট্রাফিক মোড়ের ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে এক নবজাতককে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নবজাতকের মা ফারজানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিশ্রামে ছিলেন। এ সময় তার শিশুটি নানির পাশে শুয়ে ছিল। দুপুরে ঘুম থেকে উঠে শিশুকে না পেয়ে তিনি চিৎকার করলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
নবজাতকের পরিবার জানায়, চার দিন আগে মোংলা থেকে আসা সুজন ও ফারজানা দম্পতির ছেলে সন্তান হয়। আজ দুপুরে হঠাৎ করেই ওই নবজাতক তৃতীয় তলা থেকে নিখোঁজ হয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলার এক নারী শিশুকে কাপড়ে ঢেকে নিচে নিয়ে যাচ্ছেন। যদিও ফুটেজে তার পরিচয় স্পষ্ট নয়, পরিবার সন্দেহ করছে ওই নারীকেই। তারা দ্রুত শিশুটিকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
খুলনা সদর থানা পুলিশের ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ড্যাপস হসপিটাল থেকে নবজাতক নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।