ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজের সামনে রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। এর ফলে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এ অবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে তারা কিছু বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানান।
ডিএমপির প্রস্তাবিত বিকল্প রুটসমূহ:
উত্তরের দিক থেকে আসা যানবাহন গুলশান-১ এর দিকে যেতে চাইলে কাকলী থেকে বামে ঘুরে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আমতলী-গুলশান-১ গামী গাড়ি বনানী কবরস্থানের সামনের ইউটার্ন বা আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যে যেতে পারবে।মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে।জাহাঙ্গীর গেট থেকেও একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।ডিএমপি যাত্রী ও চালকদের অনুরোধ করেছে ধৈর্য ধরে বিকল্প রুটে চলাচল করার জন্য।