ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীদের মিছিল শুরু হয়ে গোলচত্বর পর্যন্ত পৌঁছে যায়।
হাজারো মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে পুলিশের ওপর হামলা চালায়। এতে ১০-১২ জন আর্মড পুলিশ সদস্য আহত হয়ে পাশের ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। উত্তেজিত জনতার হাতে ইটপাটকেলে আহত পুলিশদের স্থানীয় মাদ্রাসা ও মসজিদের শিক্ষক-শিক্ষার্থীরা রক্ষা করেন।
পরে বিক্ষুব্ধরা থানা ভবন ও সেখানে থাকা গাড়ি ভাঙচুর করে, উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেন। পাশাপাশি হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়ও ভাঙচুর করা হয়।
হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।”
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা জানান, নির্বাচন কমিশনের নির্দেশে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে এবং দু-এক দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এর পর থেকেই এলাকাবাসী একাধিকবার সড়ক, রেলপথ ও এক্সপ্রেসওয়ে অবরোধ করে আসছে, যাতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের দুর্ভোগ বেড়েছে।