জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে তিনি ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থিত হন। এদিন তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানা গেছে। প্রসিকিউশন জানিয়েছে, আগামীকাল (মঙ্গলবার) একই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।
এর আগে ৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৪ দিনে ৪৫ জন সাক্ষীকে জেরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ৮ সেপ্টেম্বর তিনজন এবং ১ সেপ্টেম্বর ছয়জন সাক্ষ্য দেন। ৩৬তম সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে গত ২ সেপ্টেম্বর জবানবন্দি দেন এবং শেখ হাসিনা ও কামালের নির্দেশে গত বছরের জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে বলে উল্লেখ করে ক্ষমা চান।
সাক্ষীদের বয়ানে ওই সময়ের ভয়াবহ হত্যাযজ্ঞের বিবরণ উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। মোট ৮১ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যেই একাধিক জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। অভিযোগের পৃষ্ঠা সংখ্যা ৮ হাজার ৭৪৭, যেখানে তথ্যসূত্র, জব্দতালিকা, প্রমাণাদি ও শহীদদের তালিকার বিস্তারিত রয়েছে।