প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন দল নিবন্ধন প্রক্রিয়া: ইসির শুনানিতে উপস্থিত ১৩ দলের দাবি-আপত্তি

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ নিয়ে নতুন নির্দেশনা দিল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। নিবন্ধনের প্রাথমিক তালিকায় থাকা দলগুলোর দাবি-আপত্তি যাচাই-বাছাইয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানিতে ১৩টি দল অংশ নেয়।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২টি দলকেই শুনানিতে ডাকা হয়েছিল। এর মধ্যে অনেকেই উপস্থিত হতে পারেনি। তিনি বলেন, “আজ যারা আসতে পারেনি, তাদের সোমবার অবশ্যই আসতে হবে।”

রোববার শুনানিতে উপস্থিত দলগুলো হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), আম জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জাতীয় জনতা পার্টি (ওসমানী), মৌলিক বাংলা, জনতার দল, বাংলাদেশ বেকার সমাজ, জাসদ (শাহজাহান সিরাজ), ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি।

ইসি সূত্র জানায়, নিবন্ধনের জন্য এবার ১৪৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রথম ধাপে কোনো দলই পুরোপুরি শর্ত পূরণ না করায় ইসি সময় দিয়েছিল ঘাটতি পূরণের। পরে ৮৪টি দল নথি জমা দিলেও তাদের মধ্যে মাত্র ২২টি দল মাঠপর্যায়ে তদন্তে উত্তীর্ণ হয়। এসব দলের কিছু তথ্যের ঘাটতি থাকায় ব্যাখ্যা দিতে কমিশন শনিবার (১৩ সেপ্টেম্বর) ফোন করে। সেই আহ্বানের অংশ হিসেবেই রোববার তারা শুনানিতে অংশ নেয়।

ইতোমধ্যে ইসি জানিয়েছে, মাঠপর্যায়ের তদন্তের প্রতিবেদন পর্যালোচনার পর চলতি মাসের মধ্যেই নতুন নিবন্ধিত দলগুলোর তালিকা চূড়ান্ত হতে পারে।

আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয় এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ জমা দিতে হয়। পূর্বে সংসদ সদস্য থাকা বা আগের নির্বাচনে ন্যূনতম ৫ শতাংশ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতার মধ্যে পড়ে।

বর্তমানে দেশে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হওয়ার পর এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও বিভিন্ন কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা