প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংবিধান সংস্কার ও টেকসই বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান এনসিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের সঙ্গে জড়িত বড় ধরনের সংস্কারগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐকমত্য জরুরি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

আখতার হোসেন বলেন, কমিশনের আলোচনায় দুটি বিষয় গুরুত্ব পেয়েছে— সংবিধানের সঙ্গে সম্পর্কহীন প্রস্তাবগুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। কিন্তু রাষ্ট্রকাঠামোর যে পরিবর্তনগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোকে শুধু সংশোধনী নয়, বরং গণপরিষদ নির্বাচন ও নতুন ধারা-উপধারা প্রণয়নের মাধ্যমে টেকসই করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইতোমধ্যে হাইকোর্টে অনেক সংশোধনী চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়েছে। তাই সংস্কারগুলো কীভাবে স্থায়ী করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য অপরিহার্য।

এনসিপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা ও জুলাই সনদ বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আখতার হোসেন আশা প্রকাশ করেন, কমিশনের মেয়াদ বৃদ্ধি করে বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নাতীত করা সম্ভব হবে এবং কমিশনের কার্যক্রম সফলভাবে শেষ করা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা