প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ খান এ আলটিমেটাম দেন।

তিনি বলেন, নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথা ও মাড়িতেও আঘাত রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। নুর বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে কোনো চাপ আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খান বলেন, “যারা এই হামলা চালিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করবো। একই সঙ্গে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করছি।”

তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় স্পষ্ট ভিডিও ও সিসিটিভি ফুটেজ থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত কমিটি গঠনের কথা জানানো হলেও এখনো তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা