বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ডাকসু ও জাকসু নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন— জাকসুর ব্যালটপেপার একটি দলের ঘনিষ্ঠ ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো হয়েছে কেন?
বিএনপির এই নেতা আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন। জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
রিজভীর মতে, দেশে যে শক্তির উত্থান ঘটছে তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য হুমকি। তিনি সরকারের একটি অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন।