প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু নির্বাচনের মাধ্যমে ‘জুলাই প্রজন্ম’ ও শহীদদের আকাঙ্ক্ষা জয়ী: ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম এবং শহীদদের আকাঙ্ক্ষা— এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় তিনি বলেন, “আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। আমাদের কাজ হলো শিক্ষার্থীদের প্রশ্ন শোনা এবং দায়িত্ব প্রাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।”

 

সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর যে কোনো সমস্যা সামনে আসলে তা সমাধানে তারা প্রস্তুত। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে জয়ী বা পরাজিত হয়নি, বরং বিজয়ী হয়েছে পুরো জুলাই প্রজন্ম ও শহীদদের আকাঙ্ক্ষা।

 

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, তারা ইতোমধ্যেই সাবেক নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং শিগগিরই শিক্ষার্থীদের কাছ থেকেও মতামত সংগ্রহ শুরু করবেন। পাশাপাশি মাসভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশের কথাও জানান।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, “আজ আমাদের প্রথম ওয়াকিং ডে। পরিচিতি সভা ও কার্যক্রম শুরু হয়েছে। আমরা সবার ভয়েস তুলে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই।” তিনি জানান, অল্প সময়ের মধ্যে সপ্তাহ ও মাসভিত্তিক এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করা হবে।

 

সভায় সিদ্ধান্ত হয় নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয় সিনেটে পাঠানো হবে। সিনেট সদস্যদের মধ্যে রয়েছেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা