প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লন্ডনে অভিবাসনবিরোধী সমাবেশে ১ লাখেরও বেশি মানুষ: পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শনিবার অভিবাসনবিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টমি রবিনসন নামে এক ডানপন্থি কর্মীর উদ্যোগে আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” মিছিলে অংশ নেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ।

 

এই সমাবেশকে আধুনিক ব্রিটেনের সবচেয়ে বড় ডানপন্থি সমাবেশগুলোর মধ্যে একটি হিসেবে দেখানো হচ্ছে। মিছিল চলাকালে ব্রিটেন ও ইংল্যান্ডের পতাকা হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অনেকেই আমেরিকা ও ইসরায়েলি পতাকা বহন করেন এবং ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন” টুপি পড়েন।

 

অপরদিকে, “স্ট্যান্ড আপ টু রেসিজম” নামের পাল্টা সমাবেশে অংশ নেন প্রায় ৫ হাজার মানুষ। পুলিশ দুই পক্ষকে আলাদা রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তবে অনুমোদিত রুটের চেয়ে অনেক বড় ভিড় সামলাতে গিয়ে হোয়াইটহলের মতো প্রশস্ত সড়কেও পুলিশের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।

 

সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা লাথি, ঘুষি, বোতল, ফ্লেয়ারসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পুলিশ আহত হয়। এতে ২৬ পুলিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, যাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

টমি রবিনসন সমাবেশকে “দেশপ্রেমের জলোচ্ছ্বাস” এবং “সাংস্কৃতিক বিপ্লবের সূচনা” হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কও ভিডিও বার্তায় সমাবেশে সমর্থন জানিয়ে সরকারের প্রতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

 

সমাবেশকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক আলোচনায় উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ব্রিটেনে অভিবাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা