ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির মধ্যে ২৩টি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান এবং অন্যান্য নির্বাচিতরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচিত প্রতিনিধিরা রবিবার বা পরশু দায়িত্ব নিতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থী প্যানেলের প্রার্থী জয়ী হয়েছেন।
প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য আমন্ত্রণ জানান। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ এবং নির্বাচিতরা ২৩ মার্চ দায়িত্ব গ্রহণ করেছিলেন।