প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাদিক কায়েম ভিপি নির্বাচিত হওয়ায় আমি গর্বিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন খাগড়াছড়ির সন্তান আবু সাদিক কায়েম। তার এই বিজয়ে জেলার সর্বত্র বইছে আনন্দের বন্যা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরের নয়নপুরে তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, এটি শুধু সাদিকের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র পার্বত্য অঞ্চলের গৌরবের বিষয়।

সাদিকের বাবা মোহাম্মদ আবুল কাশেম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ছেলে যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে—সবার কাছে সেই দোয়া চাই।”

প্রতিবেশী মো. ইলিয়াস বলেন, “সাদিক কায়েমের এ অর্জন সাহসী ও সৎ তরুণদেরও বিজয়।”
প্রতিবেশী মায়ারানী দে বলেন, “শৈশব থেকে তাকে দেখছি—মেধাবী, ভদ্র ও বিনয়ী। তার এই সাফল্য খাগড়াছড়িবাসীর মুখ উজ্জ্বল করেছে।”

শিক্ষাজীবনে সাদিক প্রথমে খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় পড়েন। ২০১৪ সালে দাখিলে গোল্ডেন জিপিএ-৫ ও ২০১৬ সালে আলিমে জিপিএ-৫ পান। দু’পর্বেই বোর্ড মেধাবৃত্তি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রাক্তন শিক্ষক নুরুল ইসলাম বলেন, “সাদিক সবসময় মেধাবী ও কৌতূহলী ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে জানতে আগ্রহী ছিল।”

রাজনৈতিক জীবনে তিনি ২০১১ সালে ইসলামী ছাত্রশিবিরের সমর্থক হিসেবে যাত্রা শুরু করেন, ২০১৩ সালে সাথী হন এবং ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক।

জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মিনহাজুর রহমান জানান, “২০১১ সালে আমি জেলা সভাপতি থাকার সময় সাদিক শিবিরে যোগ দেন। পরে কর্মী থেকে সাথী হন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল সক্রিয়।”

চট্টগ্রামে চলে যাওয়ার পরও তিনি বিভিন্ন সামাজিক ও সংগঠনমূলক কাজে সক্রিয় ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি ও হিল সোসাইটি এবং অন্যান্য যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী ছাত্র আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা