প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪৮ ঘণ্টা পর জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর অবশেষে ফলাফল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সিনেট ভবনে নির্বাচন কমিশন প্রথমে হল সংসদের ফলাফল ঘোষণা শুরু করে। এরপর পর্যায়ক্রমে জাকসুর ফলাফল জানানো হবে।

৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়ম, অভিযোগ ও বর্জনের মধ্য দিয়েই ভোট সম্পন্ন হয় বলে অভিযোগ তুলেছেন অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী।

ব্যালট পেপার নিয়ে ছাত্রদল অভিযোগ করে যে, জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো হয়েছে। অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর দাবি, ব্যালট ছাপানোর কাজ বিএনপি সমর্থকের প্রতিষ্ঠানে হয়েছে।

ভোটগ্রহণ প্রক্রিয়া ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিতভাবে কারচুপির জন্য সাজানো’ হয়েছে অভিযোগ তুলে তিনজন শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নির্বাচনী দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু নিয়েও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, অভিযোগগুলোর সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

জাকসুতে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের দুই দিন পরও ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা