নেপালের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে জানান, ‘প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ (শুক্রবার) স্থানীয় সময় রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।’
জেন-জিদের আন্দোলনের পর কেপি শর্মা ওলি পদত্যাগ করায় সুশীলা কার্কির নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। ছোট পরিসরের মন্ত্রিসভা নিয়েই আজ রাতেই প্রথম বৈঠক হতে পারে, যেখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব উপস্থাপন করবেন তিনি।
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।