গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ২০২৪ সালের তথাকথিত ‘ডামি নির্বাচনে’ অংশ নিয়ে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল, সেইসব ডামি এমপিদেরও আটক করতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও জাতীয় পার্টি, ১৪-দল এবং প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী দোসররা এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাড্ডায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর ২৯ আগস্ট রাতে সংঘটিত হামলার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও মশাল মিছিলে এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, ‘নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার স্পষ্ট ফুটেজ থাকা সত্ত্বেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রমাণ হয়, অদৃশ্য কোনো শক্তি দোষীদের রক্ষা করছে। সরকারের পক্ষ থেকে দোষীদের বিচারের আশ্বাস দেওয়া হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্র যেন অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জনদুর্ভোগ তৈরি করতে চাই না। কিন্তু সরকার যদি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। সেই হামলার ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।’
সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘একদিকে গণ-অভ্যুত্থনের পক্ষের শক্তির ওপর হামলা আর অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাস্তায় মিছিলের সুযোগ দেওয়া মানে গভীর ষড়যন্ত্র। ১৫ বছর ফ্যাসিবাদ কায়েমের পরও তাদের পুনর্বাসনের নীলনকশা ভারত থেকে হচ্ছে। ভারতের উচিত আগে নিজের দেশের পরিস্থিতি সামলানো। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের হাওয়া এখন ভারতে প্রবাহিত হচ্ছে। অনেক প্রদেশে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে।’
এ সময় গণ অধিকার পরিষদের সহসভাপতি আরিফুর রহমান বলেন, ‘নুরুল হক নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপসহীন প্রতীক। তার ওপর হামলার বিচার না হওয়া সরকারের দুর্বলতার প্রমাণ। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
মশাল মিছিলে সভাপতিত্ব করেন হোসাইন নুর, সঞ্চালনায় ছিলেন আলমগীর অপূর্ব। বক্তব্য দেন আরিফুর রহমান, মো. ইমরান, আবির ইসলাম সবুজ, মো. রাজু, মিঠু, বনি আমিন সিফাত, জুবায়ের, শাওন প্রমুখ।