প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ষড়যন্ত্র ঠেকাতে জনগণের ঐক্যের আহ্বান ডা. জাহিদ হোসেনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে কিছু স্বার্থান্বেষী মহল ও স্বৈরাচারী গোষ্ঠীর দোসররা নানা প্রচেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় জনগণের অটুট ঐক্য গড়ে তুলতে হবে। ইতিহাস সাক্ষী—ষড়যন্ত্রকারীরা কখনো টিকতে পারেনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, গাজীপুর সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্রকারী মাথা নত করেছে, পালিয়েও গেছে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করি। অন্যায়, অবিচার, চাঁদাবাজি, সন্ত্রাস আর বাংলার মাটিতে হবে না—ইনশাআল্লাহ।’

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সিরাজ উদ্দিন কাইয়া, শাহজাহান ফকিরসহ স্থানীয় নেতারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা