প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিয়ন্ত্রিত প্রাইভেট কারের ধাক্কায় দোকানে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়লে একজন ব্যবসায়ী নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়াগামী প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুদি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানে থাকা দুইজন গুরুতর আহত হন।

ঘটনার পর উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, শুক্রবার ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে মদ্যপ অবস্থায় দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেট কারে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং দোকানের সামনে বসে থাকা হাফিজুল ইসলাম (৩৫) ও আমিরুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাফিজুল ইসলাম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আমিরুল ইসলামকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা