ভারতের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী কারিশমা শর্মা মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে করে চার্চগেট যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছেন। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেত্রী।
‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ ও ‘পেয়ার কা পঞ্চনামা’-র মতো কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া কারিশমার এ ঘটনায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কারিশমা নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, চার্চগেটে শুটিংয়ের উদ্দেশ্যে শাড়ি পরে ট্রেনে ওঠার সময় ট্রেনের গতি হঠাৎ বেড়ে যায়। তিনি দেখতে পান, তার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেননি। ভয় পেয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এ সময় পড়ে গিয়ে তার মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
তিনি আরও জানান, বর্তমানে পিঠে ব্যথা, মাথায় ফোলা এবং শরীরে আঘাতের দাগ রয়েছে। চিকিৎসকেরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কি না তা নিশ্চিত করতে একদিন পর্যবেক্ষণে রেখেছেন।
কারিশমা বলেন, “গতকাল থেকে প্রচণ্ড ব্যথায় আছি। তবে আমি দৃঢ় আছি। আমার জন্য সবাই দোয়া ও প্রার্থনা করুন। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য।”