প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাকসু ভোটগণনার সময় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ভোটগণনার সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জান্নাতুল ফেরদৌসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রার্থনা করেন—আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌসকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।

 

এর আগে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সিনেট ভবনে পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, “ম্যাম সকালে নির্বাচনের দায়িত্বে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌস ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ সম্পন্ন করেন এবং বর্তমানে চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার বিষয় ছিল চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা