জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা ধীরগতিতে এগোচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টা পরও সব হলের ফলাফল সম্পন্ন হয়নি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ২১টি হলের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ১০টি হলে ভোট হয়েছে। বাকি চারটি হলে এখনও গণনা চলমান।
নির্বাচন কমিশনের ধারণা, বর্তমান গতিতে দুপুরের মধ্যে হল সংসদের ফলাফল সম্পন্ন করা যাবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। তবে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় এ ফলাফল প্রকাশে আরও সময় লাগতে পারে। কমিশনের অনুমান, সন্ধ্যার পর কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা সম্ভব হবে।
এর আগে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ওএমআর পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে তা ম্যানুয়ালি করা হচ্ছে। ফলে ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরো ফলাফল এখনো ঘোষণা করা যায়নি।