প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে জাবির লেকচারার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সিনেট ভবনে ভোট গণনার কাজে যোগ দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি জানান, “ম্যাম সকালে নির্বাচনের দায়িত্বে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

 

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলাম, আর তিনি ছিলেন পোলিং অফিসার। ভোট গণনার সময় হঠাৎ দরজার সামনে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে তিনি ইন্তেকাল করেন।”

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “রাতে ক্লান্তি ও পোলিং এজেন্ট না থাকায় রাতেই গণনা শেষ করা যায়নি। সকালে তিনি গণনাকেন্দ্রে আসেন এবং দরজার সামনে হঠাৎ পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি কিন্তু খবর পাই তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।”

 

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা