বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এতে হতাশ হওয়ার কিছু নেই, বরং জনগণকে সঙ্গে রেখে মনোবল ধরে রাখতে হবে। তিনি বলেন, ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থীদের বিজয় ঠেকাতে ভারতপন্থী ও পাকিস্তানপন্থীদের অশুভ আঁতাত এখন স্পষ্ট হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, জাকসু নির্বাচনেও কারচুপি ও ষড়যন্ত্রের কারণে ছাত্রদল বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছে। প্রহসনের বিপরীতে প্রতিকার না পেলে ছাত্রদল কখনো চুপ করে থাকবে না। জাতীয় নির্বাচন ভন্ডুল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে নৈরাজ্য ও হানাহানি সৃষ্টি করা হচ্ছে—এমনটাই প্রতীয়মান হচ্ছে।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ঘনীভূত করা হচ্ছে, এতে যুক্ত কয়েকজন উপদেষ্টা, নবীন-প্রবীণ রাজনৈতিক দল এবং কিছু স্বার্থান্বেষী ব্যক্তি। তবে দেশের জনগণ নির্বাচনের পথে কোনো বাধা বা নৈরাজ্য সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, নচেৎ দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে।
সম্মেলনে কইচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, মোর্শেদ আলম, রেজাউল আহসান, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল আয়ালম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সারওয়ার তাইয়েব এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জাকির হোসেন চঞ্চল প্রমুখ।