সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন ১০ দিনের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রাম জেলা কারাগার থেকে তিনি বের হয়ে আসেন।
কারা সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সুলতানা পারভীন কারাগারে ছিলেন। বিষয়টি কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মাহমুদ নিশ্চিত করেছেন।
এর আগে, সাংবাদিক আরিফুল ইসলামের করা মামলায় সুলতানা পারভীন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। তবে আদালত জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে জেলা আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পরে পুনরায় হাইকোর্টে আবেদন করলে গত ৯ সেপ্টেম্বর আদালত তাকে ছয় মাসের জামিন দেন। আদেশ কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তি পান।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রামে একটি সরকারি পুকুর সংস্কার করে ‘সুলতানা সরোবর’ নামকরণের খবর প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। তাকে ক্রসফায়ারের ভয় দেখানো হয় এবং মাদকদ্রব্য মামলায় ভ্রাম্যমাণ আদালত থেকে কারাদণ্ড দেওয়া হয়।
দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর আরিফুল জামিনে মুক্তি পান এবং পরে কুড়িগ্রামের তৎকালীন ডিসিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই সম্প্রতি মামলার চার্জশিট আদালতে জমা দেয়, যাতে সুলতানা পারভীনসহ চারজনকে অভিযুক্ত করা হয়।