জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার আগেই তারা বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন এবং পরে নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলন করেন।
দায়িত্ব ত্যাগ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন—নাহরীন ইসলাম খান, নজরুল ইসলাম ও শামীমা সুলতানা।
সংবাদ সম্মেলনে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, “প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করছে। নানা অনিয়ম ও কারসাজি হয়েছে। এমন নির্বাচনের দায়িত্ব নেওয়া আমাদের উচিত নয়। প্রতিবাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল শিক্ষক হিসেবে এই নির্বাচন বর্জন করেছি।”
এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এসময় অন্যান্য ছাত্রদল মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।