বরিশালের মুলাদী সরকারি কলেজে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪) রয়েছেন। কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। এ সময় জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়।
অন্যদিকে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী দাবি করেন, ডাকসু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবির কলেজ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। তিনি বলেন, “আজ বৃহস্পতিবার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিক্রিয়া দেখায়। এরপর ছাত্রশিবির আমাদের ওপর হামলা চালায়।” ছাত্রদলের অন্তত আটজন কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, মুলাদী থেকে ছয়জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন এবং তাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি ঘটায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।”