প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সব দলের সদিচ্ছা থাকলে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫

সব রাজনৈতিক দল সৎ ও দায়িত্বশীল থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ভোট বানচাল করার ক্ষমতা কারও নেই। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সূচি থেকে সরে আসার চেষ্টা করলে তা জাতির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তিনি আশ্বাস দেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি আরও বলেন, জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। উদাহরণ হিসেবে তিনি ডাকসু নির্বাচনের কথা তুলে ধরে বলেন, “ডাকসুর মতোই জাতীয় নির্বাচনও সুষ্ঠু ও উৎসবমুখরভাবে আয়োজন করা সম্ভব।”

তার মতে, সুষ্ঠু নির্বাচন কেবল সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে না; সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও এখানে গুরুত্বপূর্ণ। “নির্বাচন আয়োজন করে সোসাইটি ও রাজনৈতিক দলগুলো। তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব,” বলেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা