প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি ও তেলভিত্তিক উৎপাদন বাড়ালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং স্থানীয় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়িয়েছে বাংলাদেশ। গ্যাস সরবরাহ সংকট এবং কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণজনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জ্বালানি খাতের বিশ্লেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশে ভারতের বিদ্যুৎ রপ্তানি ৭০ শতাংশ বেড়েছে। এই বিদ্যুতের বড় অংশই এসেছে আদানি পাওয়ারের কয়লাভিত্তিক একটি কেন্দ্র থেকে।

২০২০ সাল পর্যন্ত বিদ্যুৎ চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশই প্রাকৃতিক গ্যাস থেকে আসত। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও ব্যয় কমানোর লক্ষ্যে এখন বাংলাদেশ বিদ্যুৎ আমদানি এবং স্থানীয় কয়লাভিত্তিক উৎপাদন বৃদ্ধির দিকে ঝুঁকছে।

সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান বলেন, “এটি ব্যয়-সাশ্রয়ের বিষয়। গ্যাস সার শিল্পে অপরিহার্য। আর তেলসহ অন্যান্য উৎস থেকে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ পাওয়া যায়।”

বিপিডিবির এক কর্মকর্তা জানান, গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চলছে না। একইসঙ্গে রক্ষণাবেক্ষণজনিত কারণে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে। তাই চাহিদা মেটাতে সরকারকে ভারত থেকে বিদ্যুৎ আমদানির দিকে যেতে হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বিদ্যুৎ আমদানির হার ৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। একই সময়ে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও ১১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের বিশ্লেষক শফিকুল আলম বলেন, মার্চ থেকে বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করলে সরকারকে আমদানি এবং তেলভিত্তিক উৎপাদন বাড়াতে হয়।

বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ২৪ শতাংশ বাড়ালেও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১ দশমিক ২ শতাংশ কমেছে, যা ইঙ্গিত করছে—আমদানিকৃত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে তেমন কাজে লাগানো যাচ্ছে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা