ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ৫ হাজার ৭০৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন। আর বামপন্থী তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।
এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে মারজিয়া হোসেন জামিলা ৩৪, মাহদি হাসান ৯, আবু তৈয়ব হাবিলদার ১০, দেলোয়ার হোসেন ১২, আজগর ব্যাপারি ৬, জামালউদ্দিন খালিদ ৫০৩, শফিক রহমান ৬, বিন ইয়ামিন মোল্লা ১৩৬, আতাউর রহমান শিপন ৫, আবুল হোসাইন ৭, ইয়াছিন আরাফাত ৬২, নুরুল হোসেন ৬, মাহিন হাসান ২৪, নাসিম উদ্দিন ২, ফয়সাল আহমদ ৪, মুদাব্বির আহমদ ৩৭, সুজন ১, সোহানুর রহমান ২, হাবিবউল্লাহ ২, হেলাল উর রহমান ৩ এবং জান্নাতি বুলবুল ৬ ভোট পেয়েছেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়েছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।