প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু নির্বাচনে পাঁচ হলের ফল: ভিপি পদে এগিয়ে সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বড় ব্যবধানে এগিয়ে আছেন।

ফলাফল ঘোষিত হলগুলো হলো—শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। রাত পৌনে ২টা থেকে একে একে এসব হলের ফল ঘোষণা শুরু হয়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ৭০৭৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী—এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা