ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন দুই প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ফলাফলকে ‘পরিকল্পিত কারচুপি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। অপরদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পৃথক ফেসবুক স্ট্যাটাসে তারা নিজেদের অবস্থান প্রকাশ করেন। আবিদুল ইসলাম লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পর থেকেই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।’
অন্যদিকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘যদি এটি শিক্ষার্থীদের রায় হয়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’ তিনি আরও অভিযোগ করেন, ‘গণনায় যন্ত্রের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি লক্ষ্য করেছি।’ তারপরও শিক্ষার্থীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।’
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ হয়। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হয়।
এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী—এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।