ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম। তিনি ৮৪১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ১৫৩, আবিদুল ইসলাম ১৮১ এবং আবদুল কাদের ৪৭ ভোট। এই ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘোষণা করা হয়।
জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে আবু বাকের ৩৪১, হামিম ২২৮, আরাফাত ৮৪ এবং সাবিনা পেয়েছেন ৬ ভোট। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট, আর মায়েদ ১৮৮, আশরেফা ৩৫ এবং জুবেল ৪৫ ভোট পান।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী—এর মধ্যে ছাত্র ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।