প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সুফিয়া কামাল হলের ডাকসু ভোটে সাদিক কায়েমের ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের ভোট গণনা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম। তিনি ১২৭০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদেরকে ছাপিয়ে গেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ এবং আবিদুল ইসলাম ৪২৩ ভোট। এই ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘোষণা করা হয়।

সুফিয়া কামাল হলের জিএস পদে শিবির সমর্থিত এ এম ফরহাদ ৯৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্য প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে—শেখ তানভীর বারী হামিম ৪০২, আবু বাকের ২১৬, মেঘমল্লার বসু ৫০৭ এবং আরাফাত ৪২৮ ভোট। এজিএস পদে শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন ১১৩৫ ভোট এবং ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩৯৭ ভোট।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত মিনি পার্লামেন্ট খ্যাত এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট পড়েছে।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা