এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রের ভোটাররা ছিলেন অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন—ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।