প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় টানটান উত্তেজনা: সিনেট হলে শিক্ষার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। রাত গভীর হলেও বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিড় জমিয়েছে শত শত শিক্ষার্থী, প্রার্থী ও তাদের সমর্থকরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটটি কেন্দ্র থেকে প্রতিটি হল সংসদের ফলাফল ও ডাকসুর মূল ফলাফল ধাপে ধাপে প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সামনে থেকে।

সরাসরি দেখা যায়, রাত সোয়া ১১টার দিকে ডাকসু নির্বাচন কাভার করা সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেট হলে ডাকা হয়। তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে প্রবেশ করেন। হলরুমটি এতটাই পূর্ণ যে দাঁড়ানোরও জায়গা নেই।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে লড়েছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন লড়ছেন।

মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫ জন—এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবার ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা