প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু ভোট গণনায় গুজবের ঝড়: ফেসবুকে ভুয়া ফলাফল ছড়িয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলমান থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভুয়া ফলাফল ছড়াতে শুরু করেছে কিছু ফেসবুক আইডি ও পেজ। দলীয় সমর্থকদের পোস্টে একদিকে ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েমকে ‘নির্বাচিত’ বলা হচ্ছে, আবার অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে ‘বিজয়ী’ দেখানো হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে ‘ফলাফল’ শিরোনামে প্রকাশিত এসব ভুয়া তথ্য শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

এক ফেসবুক ব্যবহারকারী, আবু সালেহ মূসা, দাবি করেছেন—শামসুন্নাহার হলে ছাত্রদলের প্রার্থী আবিদ পেয়েছেন ৯৯৫ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৮৯৯ ভোট। এছাড়া জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট ও সাদিক পেয়েছেন ৪০৯ ভোট।
অন্যদিকে ভিপি প্রার্থী আব্দুল ওয়াহেদ নিজেই এক পোস্টে বলেছেন, শহীদুল্লাহ হলে ১২০০ এর বেশি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সাদিক কায়েম ৮০০+, এসএম ফরহাদ ৬৫০+ এবং মহিউদ্দিন ৮০০+ ভোট পেয়েছেন।
এ ছাড়া ‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২,২২৫ জন। সেখানে ভিপি পদে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৪০৯ ভোট।

শিক্ষার্থীদের অভিযোগ, এসব তথাকথিত ফলাফল উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়।

এ বিষয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, “ভোট গণনা এখনো চলছে। কোনো ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা