প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উচ্ছ্বাস ও উচ্চ ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচন

জাবির আহম্মেদ জিহাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বড় কোনো সংঘাত বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলাকালে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। যদিও প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল ৫টা থেকে শুরু হয় গণনা। এরই মধ্যে কার্জন হল কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং অচিরেই ফলাফল ঘোষণা করা হবে। অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এ কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন। ফলাফল সিনেট ভবনে প্রকাশ করা হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কার্জন হলে অমর একুশে হলে মোট ১,৩০০ ভোটারের মধ্যে ১,০৮৩টি (৬২ শতাংশ), শহীদুল্লাহ হলে ২,০০৫ ভোটারের মধ্যে ১,৬০৯টি (৭৫ শতাংশ) এবং সলিমুল্লাহ মুসলিম হলে ১,৭৭২ ভোটারের মধ্যে ১,৪৪৩টি (৭৯ শতাংশ) ভোট কাস্ট হয়েছে।

অন্যদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হলের ভোটগ্রহণে জগন্নাথ হলে ২,২২২ ভোটারের মধ্যে ১,৮৩১টি (৮৩ শতাংশ), সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৬৩ ভোটারের মধ্যে ১,৬৬০টি (৮৪.৪৬ শতাংশ) এবং স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৯ ভোটারের মধ্যে ৫৫৩টি (৮২.৮৩ শতাংশ) ভোট কাস্ট হয়েছে।

কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক জানিয়েছেন, শারীরিক শিক্ষা কেন্দ্রে মোট ৪,৮৬১ ভোটারের মধ্যে ৪,০৪৪টি ভোট কাস্ট হয়েছে, যা ৮৩.২১ শতাংশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা