প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু ভোটে নারী শিক্ষার্থীদের দীর্ঘ লাইন: উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সকাল থেকেই নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

টিএসসিসহ বিভিন্ন হলকেন্দ্রে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ঝামেলা এড়াতে অনেকে সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। দুপুরের দিকে ভিড় আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রোকেয়া হলের শিক্ষার্থী স্বপা আক্তার জানান, “ভিড়ের আগে ভোট দিয়ে নিজের দায়িত্ব পালন করতে চেয়েছি। আগে আসায় কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পারছি।”

দীর্ঘ সময় পর এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর হওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে যোগ্য প্রার্থী বেছে নিতে আগ্রহী।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এবার ডাকসুতে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে এবং এর জন্য ১০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা