প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু নির্বাচনে কার্জন হলে ছাত্রদলের প্রচারণা বিতর্ক: প্রক্টরের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে ভোটারদের কাছে সরাসরি প্রচারণা চালাতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করলে প্রার্থীদের সমর্থকরা লিফলেট ও কার্ড বিলি করে ভোট চাইতে থাকেন। পরে প্রক্টরিয়াল টিম এসে তাদের সরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রার্থীদের প্রচারণা নিষিদ্ধ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ভোট চাইতে হলে প্রার্থীদের কেন্দ্র থেকে অন্তত ১০০ মিটার দূরে থাকতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসান স্বীকার করেন, নিয়ম অমান্য করে প্রচারণা করেছেন। তিনি বলেন, “প্রক্টর স্যাররা বলার পরই আমরা থেমেছি, এক্সাইটমেন্টের কারণে ভুল হয়ে গেছে; আর হবে না।”

সকালে সরেজমিনে দেখা গেছে, কার্জন হলে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। প্রার্থী ও সমর্থকেরা লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন, যদিও পরে কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেয়।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে একজন ভোটারকে ছয় পাতায় ভোট দিতে হচ্ছে।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ, একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা